August 1, 2026, 10:38 pm

সৌন্দর্যের গোপন রহস্য জানালেন রানি মুখার্জি

অভয়নগর প্রতিবেদক

সুন্দর ত্বক পেতে এখন অনেকেই দীর্ঘ স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন। দামি সিরাম, টোনার, এসেন্স, নাইট ক্রিম-নানান প্রসাধনী ব্যবহার যেন এখন সৌন্দর্যচর্চার অংশ হয়ে উঠেছে। তবে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মতে, সুন্দর ত্বকের জন্য এত জটিল রুটিনের প্রয়োজন নেই। বরং নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বকের চাহিদা বোঝাই হলো সৌন্দর্যের আসল রহস্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, তিনি কখনোই সৌন্দর্যচর্চার ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ান না। বাজারে নতুন কোনো স্কিনকেয়ার পণ্য এলেই তা ব্যবহার করার অভ্যাসও নেই তার। ছোটবেলা থেকে যেসব প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া পরিচর্যার সঙ্গে পরিচিত, সেগুলোর ওপরই আস্থা রাখেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ত্বক দীর্ঘদিন ধরে যেসব উপাদানের সঙ্গে মানিয়ে নিয়েছে, সেগুলোই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর। তাই নতুন নতুন প্রসাধনী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পরিবর্তে পরিচিত ও বিশ্বস্ত উপাদান ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

রানির সৌন্দর্যচর্চার অন্যতম ভরসা নারকেল তেল। ত্বক ও চুলের যত্নে এখনো নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন এই অভিনেত্রী। তার মতে, ত্বক ও চুলের আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেলের বিকল্প খুব কমই রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন নতুন নতুন প্রসাধনী ব্যবহার করলে অনেক সময় ত্বকে অ্যালার্জি, ব্রণ বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই অল্প কয়েকটি উপযুক্ত পণ্য নিয়মিত ব্যবহার করাই বেশি উপকারি।

রানির এই ভাবনা বর্তমান সময়ের সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর সৌন্দর্যচর্চার ধারা থেকে অনেকটাই ভিন্ন। যেখানে অনেকে ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ড অনুসরণ করেন, সেখানে তিনি বিশ্বাস করেন সহজ ও ধারাবাহিক পরিচর্যায়। তার মতে, শুধু প্রসাধনী নয়, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি এবং সুস্থ জীবনযাপনও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার