August 1, 2026, 10:38 pm

কিয়ারার সঙ্গে চেহারার মিল, নজর কাড়লেন নতুন মুখ কানিকা

অভয়নগর প্রতিবেদক

নতুন পোস্টার মুক্তির পর থেকেই আলোচনায় হিন্দি সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’। সম্প্রতি করণ দেওলের সঙ্গে নতুন মুখ কানিকা কাপুরের পোস্টার অনলাইনে প্রকাশের পরপরই শুরু হয়েছে জোর আলোচনা।

তবে অভিনয়ের পাশাপাশি কানিকার চেহারা ও লুক নিয়ে আলোচনা করছেন নেটিজেনরা। পোস্টারে কানিকাকে হুবহু বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মতো দেখাচ্ছে বলে দাবি অধিকাংশ দর্শকের।

সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি ছড়িয়ে পড়ার পর একাধিক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথম দেখায় তারা কানিকাকে কিয়ারা আদভানি ভেবে ভুল করেছিলেন। হালকা মেকআপের কানিকার এই লুক দেখে অনেকেই ‘শেরশাহ’ সিনেমার কিয়ারার ‘ডিম্পল’ চরিত্রের মিল খুঁজে পাচ্ছেন।

অন্যদিকে, নেটিজেনদের একাংশ প্রযুক্তিগত কারসাজির অভিযোগ তুলে দাবি করছেন, এআই ব্যবহার করে কিয়ারার আদলে পোস্টারটি তৈরি করা হয়েছে। সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও কানিকা কাপুর কিন্তু অভিনয়ে নতুন নন। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘এক দুজে কে ভাস্তে ২’-এ কাজ করে তিনি ইতিপূর্বে দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া ‘টিপ্পু’, ‘দোনো’ ও ‘মার্ডারবাদ’-এর মতো নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বিখ্যাত নাট্যকার আসগর ওয়াজাহাতের ‘জিস লাহোর নাই ভেখ্যা, ও জাম্য এ নাই’ নাটক অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে করণ ও কানিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি ও আলি ফজলকে।



ফেসবুক কর্নার