
কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদ গ্রামের হিসনাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রাজু আহমেদ কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।