August 13, 2026, 1:49 pm

আবাসিক হোটেলে পুলিশের অভিযান, দুই নারীসহ ১০ জন আটক

জসিম উদ্দিন তুহিন যশোর ব্যুরো

যশোর শহরের বড়বাজার এলাকায় আবাসিক হোটেল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে পরিচালিত এ অভিযানে হোটেল স্বপ্নপুরী, হোটেল পলাশ ও বাবুবাজার গলিসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, বড়বাজার এলাকার দুটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশ থেকে দুই নারীকে আটক করা হয়। একই সঙ্গে বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগ এবং সন্দেহজনক চলাফেরার কারণে আরও কয়েকজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোরের শেখহাটি গ্রামের বিথি, রুপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এ সময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, দুটি হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই নারীসহ ১০ জনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার