
নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় সূর্য দাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহীরগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহীরগ্রামের দিকে যাচ্ছিল। অটোভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় শিশুটি এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সূর্য দাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল ও আশপাশের এলাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।