
যশোরে পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’ (৪৬) গ্রেপ্তার হয়েছেন। একই অভিযানে তাঁর সহযোগী রতন (৪৫)কেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দে পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) হাদিউজ্জামানসহ ডিবি ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।
ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’ যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে তাকে আরবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপর আটক রতন পুরাতন কসবা কাজীপাড়া (কাঁঠালতলা) এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে। যৌথ অভিযানের পর তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই মো. হাদিউজ্জামান জানান, শহরজুড়ে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।