March 7, 2026, 6:14 pm

জুলাইযোদ্ধার ওপর সশস্ত্র হামলা গণতান্ত্রিক চেতনার জন্য অশনিসংকেত – জামায়াতে ইসলামী

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা দেশের রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় একজন জুলাইযোদ্ধার ওপর এমন পরিকল্পিত হামলাকে শুধু ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামের আরেক যুবকের ওপর দুষ্কৃতিকারীরা লাঠিসোটা ও চাকু দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিংবা ভূমিকা রেখেছেন, তাদের লক্ষ্য করে এ ধরনের সশস্ত্র হামলা জাতির জন্য অশনিসংকেত। এটি শুধু একজন জুলাইযোদ্ধার ওপর হামলা নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশকে ভীতসন্ত্রস্ত করার একটি প্রচেষ্টা।
জামায়াতের এই নেতা আরও বলেন, রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনা হলে দেশে নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনুদ্দীনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
অ্যাডভোকেট জুবায়ের অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল



ফেসবুক কর্নার