June 29, 2026, 4:56 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

দুই বছরেও শেষ হয়নি সরোজগঞ্জ-খাসকররা সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন-এর গুরুত্বপূর্ণ সরোজগঞ্জ-খাসকররা সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই বছর আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়ে খুঁড়ে ফেলার পর থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাজুড়ে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ বড় বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে গিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। কোথাও কোথাও কাদা ও পানিতে রাস্তার চিহ্ন মুছে গিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠ থেকে ধান, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারে নিতে না পেরে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সরোজগঞ্জ বাজারে পণ্য পৌঁছাতে না পেরে অনেকেই বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করছেন, যা সময় ও খরচ—দুই-ই বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি কেটে রেখে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
খাসকররা ও আশপাশের গ্রামের বাসিন্দারা জানান, বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও পানির কারণে ভ্যান, মোটরসাইকেল এমনকি ছোট যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি রোগী পরিবহন করতেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
অনেকেই জানান, স্বাভাবিক চলাচলের জন্য এখন ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীদের প্রতিদিন বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি দায়ী ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
তাদের মতে, একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন অচল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়—প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং কবে নাগাদ সাধারণ মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পায়।



ফেসবুক কর্নার