
বান্দরবান পার্বত্য জেলায় বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ‘পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান।
সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বিচারিক ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে দুই বিভাগকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, মামলার তদন্ত দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা জরুরি। তিনি যথাসময়ে চার্জশিট দাখিল, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনে পেশাদারিত্ব এবং নারী ও শিশু নির্যাতন, মাদক ও চাঞ্চল্যকর মামলাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
সভায় আরও বলা হয়, মাঠপর্যায়ে বিভিন্ন আইনি ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।