
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলপাড়া গ্রামে এক নারীকে ঘিরে মিথ্যা অভিযোগ, হয়রানি ও প্রতারণার অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বিলপাড়া এলাকায় সড়কের পাশে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, একই গ্রামের মোছা. নাহার আক্তার (৩০) বিভিন্ন সময় নিরীহ মানুষদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছেন, যার ফলে গ্রামবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের দাবি, তার এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের বহু পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং গ্রামবাসী প্রতিবাদে নামেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নাহার আক্তারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ ও হয়রানিমূলক কর্মকাণ্ড চলায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান।
এ বিষয়ে অভিযুক্ত নাহার আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
নলডাঙ্গা থানার এএসআই সোলায়মান আলী জানান, একটি অভিযোগ পাওয়া গিয়েছিল, তবে প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।