
নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া (নাগবাড়ী) এলাকায় তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সাল ও তার সঙ্গীয় ফোর্স এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নজরুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকাবাসী পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছে। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।