
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী সভাপতি পদে আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম কাজল নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মীরা এবং তাদের প্রতি আস্থা প্রকাশ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, “প্রেসক্লাবের মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।”
অন্যদিকে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, “সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবকে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।”
স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।