আশুগঞ্জে প্রাইভেটকারে চোরাচালানকৃত ভারতীয় চকলেট উদ্ধার, গ্রেফতার ২
আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া
Update Time :
Wednesday, April 15, 2026
/
84 Time View
/
Share
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হলে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ বিদেশি চকলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চকলেটের মধ্যে রয়েছে— নেসলে কিটক্যাট (৪ ফিঙ্গার) ১,১০০ পিস, সফটার বার ৪০০ পিস, ডেইরি মিল্ক ৪৮০ পিস, স্নিকার্স ৭২০ পিস, বেনজো ব্র্যান্ডের ১৮ প্যাকেটে মোট ১,১৮৮ পিস এবং মেন্টোস ১৮ প্যাকেটে মোট ৫৪০ পিস। সব মিলিয়ে মোট ৪,৪২৮ পিস চকলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য উল্লেখযোগ্য।
অভিযানকালে প্রাইভেটকারে থাকা দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দেওয়ান আনিছ (২৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা এবং নুরুজ্জামান (৪৪), একই জেলার আড়াইসিধা উপজেলার ব্রাহ্মনন্দী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত চকলেটগুলো ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে এবং সেগুলো বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত পণ্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।