
পার্বত্য জেলার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল এবং জোন সদর দপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে চিকিৎসকরা সেবা প্রদান করেন।
এই চিকিৎসা শিবিরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসা প্রায় ১৫শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়।
বিশেষ এই উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে, যা সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় সম্পন্ন করা হবে।
স্থানীয় সুবিধাভোগীরা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক সংকটের কারণে এতদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন তারা। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ঘরের কাছেই বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।