কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬-এ এক অভিনব উদ্ভাবন দিয়ে সবার নজর কেড়েছেন এক তরুণ শিক্ষার্থী। ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রোয়ানুর রহমান রেজিম নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি এআই-চালিত স্মার্ট কার, যা ইতোমধ্যেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
উদ্ভাবিত এই স্মার্ট কারটির বিশেষত্ব হলো, এটি চালক ছাড়াই চলাচল করতে সক্ষম। সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত করলে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এছাড়া ট্রাফিক সিগন্যাল শনাক্ত করে লাল বাতিতে থেমে থাকা এবং সবুজ সংকেত পেলে পুনরায় চলা—এ ধরনের ফিচারও এতে সংযুক্ত করা হয়েছে।
উদ্ভাবক রোয়ানুর রহমান রেজিম জানান, আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তিনি ইউটিউব দেখে ধাপে ধাপে এই প্রকল্পটি তৈরি করেছেন। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীরা এ উদ্ভাবন দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই এটিকে স্থানীয় পর্যায়ে বিরল ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ফুলবাড়ী ডিগ্রি কলেজের পদার্থ বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আজাদ বলেন, শিক্ষার্থীর এ ধরনের সৃজনশীল উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা পেলে সে আরও বড় পরিসরে কাজ করতে পারবে এবং দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্ভাবনী উদ্যোগ তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আকৃষ্ট করবে এবং ভবিষ্যতের উদ্ভাবকদের জন্য নতুন পথ তৈরি করবে।