May 3, 2026, 3:44 pm
শিরোনাম :
আত্রাই নদীর পানি বৃদ্ধিতে সিংড়ায় আতঙ্ক, ফসল রক্ষায় বাঁধে কৃষকদের রাত জাগা পাহারা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি জালালউদ্দিন বাংলাদেশ-ভারত সম্পর্কে সুবাতাস: দীর্ঘ অস্থিরতা কাটিয়ে ফের শুরু হচ্ছে পুরোদমে ভিসা কার্যক্রম রোগ প্রতিরোধে ডালিম/বেদানা: পুষ্টিগুণ ও উপকারিতা নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক, ঝড়ে ওয়াস ব্লকে আশ্রয় নিল শিক্ষার্থীরা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আইন সম্পাদক হলেন মহেশখালীর মুনতাসীর হাসনাত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাউফলের জিয়াউল ইসলাম জিয়া নোয়াখালী প্রেসক্লাবে মে দিবস উদযাপন ও গ্রন্থ পর্যালোচনা সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় মাদকের আখড়া: রৌমারীর পরিত্যক্ত ভবনে জননিরাপত্তা ঝুঁকি

প্রশাসনের নাকের ডগায় মাদকের আখড়া: রৌমারীর পরিত্যক্ত ভবনে জননিরাপত্তা ঝুঁকি

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রেসক্লাবের অদূরে অবস্থিত দুটি পরিত্যক্ত সরকারি ভবন এখন মাদকসেবীদের আস্তানা ও জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে ভবনগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যেখানে প্রতিনিয়ত জড়ো হচ্ছে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯০-এর দশকে একতলা ও দোতলা এই ভবন দুটি কৃষকদের সার বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু সময়ের ব্যবধানে তা পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে ভবনগুলোর দেয়াল ক্ষতিগ্রস্ত, ছাদের রড খুলে নেওয়া হয়েছে এবং ভেতরের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনের ভেতরে মেঝেতে ইটের বৃত্তাকার বিন্যাস রয়েছে, যা নিয়মিত মাদকসেবনের ইঙ্গিত দেয়। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এখানে মাদক কেনাবেচা ও সেবন চললেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তবে অবাক করার বিষয় হলো, ঝুঁকিপূর্ণ এই স্থানটি স্থানীয় কিছু নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের কাছে শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। অতীতে এখানে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং হয়েছে এবং এখনও অনেকেই ছবি বা ভিডিও ধারণ করতে আসেন। এতে করে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
রৌমারীর সমাজসেবক শাহ মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, “এটি এখন একটি মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত ভবনগুলো সিলগালা করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় অপসারণ করা জরুরি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, উপজেলা প্রশাসনের নিকটবর্তী এলাকায় এমন পরিস্থিতি চলতে থাকা উদ্বেগজনক। তারা দ্রুত ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা, অপসারণ এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং মাদকের বিস্তার স্থানীয় যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।



ফেসবুক কর্নার