
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে জয়মনিরহাট এলএসডি খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহফুজ কিরণ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুদ ওয়াদুদ, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, স্থানীয় সুমন অটো রাইস মিলের স্বত্বাধিকারী নূরুল ইসলাম ও হাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় সরকারিভাবে ১ হাজার ৬৩৮ মেট্রিক টন বোরো ধান, ১০ হাজার ৬৬৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৫ দশমিক ৯৮০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, কৃষক যেন ন্যায্যমূল্য পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।