
বান্দরবানে চাঁদাবাজি, হুমকি-ধমকি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হাসান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংবাদ প্রকাশ ও সাংবাদিক দিয়ে হয়রানির ভয় দেখানো হতো বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযুক্ত হাসান দৈনিক “প্রতিদিন কাগজ” পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। স্থানীয়দের দাবি, সাংবাদিক পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে তিনি নানা অপকর্মে জড়িয়ে পড়েন।
এছাড়া তার বিরুদ্ধে পাহাড় কাটা, নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বনাঞ্চলের গাছ কাটাসহ বিভিন্ন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান ট্রাফিক মোড় এলাকায় তাকে আটক করে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে মোঃ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।