
বান্দরবানের লামা পৌরসভায় সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ অর্থায়নে পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভার ৩নং ওয়ার্ডে চলমান প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং উপকারভোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় নির্মাণাধীন কয়েকটি টয়লেটের ঢালাই কাজে নিম্নমানের পচা ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। এলাকাবাসীর দাবি, বর্ষাকালে প্লাবিত হওয়া এই এলাকায় টেকসই নির্মাণসামগ্রী ব্যবহারের কথা থাকলেও বাস্তবে অত্যন্ত ভঙ্গুর রাবিশ দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে, যা অল্প সময়েই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে বিনামূল্যে বাস্তবায়নের কথা থাকলেও নির্মাণসামগ্রী পরিবহন, শ্রমিকদের খাবার এবং অন্যান্য খরচের নামে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণস্থলে নিম্নমানের লালচে রঙের ভঙ্গুর ইটের খোয়া স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, হাতের চাপেই এসব খোয়া গুঁড়ো হয়ে যাচ্ছে।
এলাকার সচেতন নাগরিকরা দাবি জানিয়েছেন, ইতোমধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে সম্পন্ন হওয়া নির্মাণকাজ পুনরায় ভেঙে সিডিউল অনুযায়ী মানসম্পন্ন উপকরণ ব্যবহার করে নতুনভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাকি ওয়ার্ডগুলোর কাজ শুরু হওয়ার আগেই যথাযথ তদারকি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আবদুল রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, আন্তর্জাতিক অর্থায়নের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে যেন কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম না হয়, সে জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।