কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।শনিবার (২৩ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক ছাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। অপর দুই নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার পর আরও এক নারী মারা যান। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।এদিকে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।