
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামে এক হাঁস পালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক মিয়া চন্দনপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও শফিক মিয়া হাঁস চরাতে হাওরে যান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।
নিহতের স্বজনরা জানান, শফিক মিয়া দীর্ঘদিন ধরে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, শফিক মিয়া অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।