
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ’। সংগঠনটির পক্ষ থেকে ময়মনসিংহ সদরের স্টেশন মোড়ে বসবাসকারী বৃদ্ধ মানিক কুমার কর্মকারের পরিবারের হাতে ঈদের বাজার, নতুন পোশাক ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) সংগঠনের সদস্যরা আকস্মিকভাবে এই সহায়তা পৌঁছে দিলে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই কন্যা সন্তানের জনক মানিক কর্মকার। তিনি ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ঈদের আগে এমন সহায়তা আমার পরিবারের জন্য অনেক বড় উপহার।”
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ আল রব্বানী, নির্বাহী পরামর্শক সুমাইয়া আহমেদ, বিশেষ সদস্য নাফিস ফুয়াদ ও তানজীলা আরফিন হিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক মেহজাবিন মৌসী, সহ-সাংগঠনিক সম্পাদক মোছাঃ লামিয়া আক্তার এবং সদস্য ইবনে আসওয়াদ নাবিল ও সাদ্দাম সারোয়ার তাশফাক।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরাও এ উদ্যোগের প্রশংসা করেন। উপদেষ্টা ইশতিয়াক আহমেদ বাবু বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। অপর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন বলেন, তরুণদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করছে।
সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ আল রব্বানী বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।” নির্বাহী পরামর্শক সুমাইয়া আহমেদ ও বিশেষ সদস্য নাফিস ফুয়াদ জানান, ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার প্রদান, বৃদ্ধাশ্রমে খাদ্য সহায়তা ও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।