
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে অনুদান এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়।
বুধবার (২৭ মে ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, হাকিমপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ তানজিনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং অসহায় মানুষের সহায়তায় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবার, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে। এসব সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।