
বলিউড অভিনেত্রী Shamita Shetty আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের জবাব দিয়ে। বয়স ও অবিবাহিত জীবন নিয়ে কটাক্ষের শিকার হওয়ার পর এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ট্রল মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। সেখানে একজন মন্তব্য করেন, “আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।” এর জবাবে শমিতা লেখেন, সময়ের সঙ্গে মানুষ বদলায়, এটিই জীবনের স্বাভাবিক নিয়ম। বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী নয় বলেও উল্লেখ করেন তিনি।
নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি সুস্থ, ফিট ও মানসিকভাবে সুখী আছেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
আরেক ট্রল মন্তব্যে বলা হয়, “সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তান বড় হয়ে যেত।” এর জবাবে শমিতা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিয়ে করে কী এমন অর্জন করেছেন?” একই সঙ্গে অবিবাহিত নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন তিনি।
শমিতা বলেন, নারীদের ব্যক্তিগত জীবন, বয়স বা বৈবাহিক অবস্থা নিয়ে সামাজিক চাপ সৃষ্টি করা ঠিক নয়। তিনি পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধেও কথা বলেন এবং অপ্রয়োজনীয় কটূক্তি থেকে বিরত থাকার আহ্বান জানান।
২০০০ সালে Mohabbatein সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শমিতা শেঠির। পরে তিনি Zeher, Fareb ও Cash-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন নিয়েও কাজ করেছেন তিনি।
পরবর্তীতে বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নিয়ে আবারও দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। কয়েক বছর আগে অভিনেতা Raqesh Bapat–এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ালেও ২০২২ সালে বিচ্ছেদের কথা জানান শমিতা।