
শরীয়তপুরের জাজিরা উপজেলার চরধুপুরিয়া এলাকায় পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরধুপুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাহাত ওই এলাকার সামসু মাদবরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি ফসলি জমি থেকে মরিচ আনতে যায় রাহাত। এ সময় বাবুল মাদবরের ভিটার পাশে পড়ে থাকা ককটেল সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে নেয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিত্যক্ত বিস্ফোরকটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।