
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) উপজেলার ৩নং কোলা ইউনিয়নের গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির জনপ্রিয়তা ও গণমানুষের প্রতি দলের দায়বদ্ধতার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে সম্পৃক্ত হচ্ছেন। তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি উন্নয়ন এবং খাল খনন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বাহারুল ইসলাম কাজলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।