ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে, গতকাল বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বড় কুশিয়ারা এলাকার একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় রুবেল তাকে চানাচুর খাওয়ার লোভ দেখিয়ে গ্যারেজের ভেতরের একটি টয়লেটে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনাটি প্রতিবেশী এক নারী দেখে ফেললে তিনি সঙ্গে সঙ্গে শিশুটির পরিবার ও আশেপাশের মানুষকে বিষয়টি জানান।খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যারেজের টয়লেটের সামনে জড়ো হন এবং ভেতরের দরজা খোলার জন্য চাপ দেন। কিন্তু অভিযুক্ত রুবেল ভেতর থেকে দরজা না খুলে উল্টো শিশুটির মুখ চেপে ধরে আটকে রাখে। একপর্যায়ে উপস্থিত উত্তেজিত জনতা টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল বাধ্য হয়ে দরজা খুলে দেয়।
এরপর স্থানীয়রা রুবেলকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন জানান, স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। রোববার রাতেই শিশুর বাবার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।