
যশোরের অভয়নগরে দৈনিক অগ্রযাত্রার জেলা প্রতিনিধি মো. আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন। হামলার প্রতিবাদে বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
জানা গেছে, রোববার (২৯ জুন) রাত প্রায় ৮টার দিকে পেশাগত দায়িত্ব শেষে ভ্যানে করে নওয়াপাড়া বাজারে ফেরার পথে সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়েছে।
আহত সাংবাদিক আবুল বাশার জানান, হামলার সময় তিনি ভ্যান থেকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ও ভ্যানচালক তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাশের একটি ঝোপে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিক সমাজ হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া নওয়াপাড়া প্রেসক্লাব, অভয়নগর প্রেসক্লাব এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিট পৃথক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।