August 13, 2026, 4:31 pm
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র জমা পড়েছে ৩টি এনটিআরসিএর বদলে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের বিরোধিতা ইসলামী আন্দোলনের জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী সব চেষ্টা ব্যর্থ, না-ফেরার দেশে শরীর জোড়া লাগা যমজ শিশু যৌথ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুজন গ্রেপ্তার পোড়া ইট ছাড়াই নির্মিত ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ জামে মসজিদ নড়াইলে অটোভ্যানের চাপায় আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ভরা মৌসুমেও মহিপুরে ইলিশের সংকট, চড়া দামে হতাশ জেলে-ক্রেতা আবাসিক হোটেলে পুলিশের অভিযান, দুই নারীসহ ১০ জন আটক পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

সব চেষ্টা ব্যর্থ, না-ফেরার দেশে শরীর জোড়া লাগা যমজ শিশু

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলে গেল কুষ্টিয়ার দৌলতপুরের শরীর জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুম। তিন মাস বয়সী দুই বোনকে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের স্থানীয় কবরস্থানে একই কবরে দাফন করা হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই শিশুর মরদেহ নিয়ে বাড়িতে পৌঁছান স্বজনেরা। শিশু দুটির বাবা নাহিদ হাসান জানান, সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর থেকেই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে দুই শিশুর শরীর নীল হয়ে যায়। হাসপাতালে ভর্তি করার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে বুধবার তাদের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জয়নব ও উম্মে কুলসুমের মৃত্যু হয়।
নাহিদ হাসান জানান, হাসপাতালের মেডিকেল বোর্ড পূর্বের চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে জানিয়েছিল, দুই শিশুর হৃদপিণ্ডে প্রয়োজনীয় সংখ্যক ধমনী ছিল না। ফলে জয়নব কিছুটা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারলেও উম্মে কুলসুমের শ্বাস নিতে বেশি সমস্যা হচ্ছিল। শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় সুস্থ হওয়ার আগে অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
নাহিদ হাসান (২৬) ও সানজিদা ইয়াছমিন মুক্তা (২২) দম্পতির ঘরে গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জন্ম নেয় জয়নব ও উম্মে কুলসুম। জন্মের পর থেকেই তাদের বুক থেকে পেট পর্যন্ত অংশ পরস্পরের সঙ্গে যুক্ত ছিল।
জন্মের পর শিশু দুটির বিরল শারীরিক অবস্থার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের নজরে আসে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের চিকিৎসার দায়িত্ব নেয়। সরকারের ব্যবস্থাপনায় গত সোমবার দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
দুই শিশুর চিকিৎসার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাহিদ হাসান। চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মাত্র তিন মাসের জীবনে চিকিৎসার জন্য দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত বাঁচানো গেল না দুই বোনকে। একই সঙ্গে পৃথিবীতে আসা জয়নব ও উম্মে কুলসুম শেষ বিদায়েও রইল পাশাপাশি, একই কবরে।



ফেসবুক কর্নার