November 21, 2026, 12:17 pm

লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

আবু বক্কর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, লামা (বান্দরবান)।

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রশাসনের জব্দ করা বালু রাতের আঁধারে লুট ও পাচারের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার বেলাল আহমদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০ নভেম্বর রাতে একটি মোবাইল নম্বর (০১৬০০-৭৫০০১৪) থেকে ছাত্রদলের পরিচয়ে গিয়াস উদ্দিন তাঁকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও নিন্দা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও কাগজপত্র অনুযায়ী, গত ২২ এপ্রিল ২০২৬ সরই ইউনিয়নের বাজার পাড়া ৪ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ২ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করে উপজেলা প্রশাসন। জব্দ করা বালু ওয়ার্ড মেম্বার মো. বাবুল মিয়ার জিম্মায় রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, পরে ওই বালু রাতের অন্ধকারে লুট ও পাচার করা হচ্ছিল। হুমকিদাতা হিসেবে লাকড়ি পাড়া, পুটিবিলার লিয়াকত আলীর ছেলে গিয়াস উদ্দিনের নাম এসেছে। বালু লুট ও পাচারে জড়িত হিসেবে তারেক, শোয়াইব, রিয়াদ, আবু ছৈয়দ, অপূর্ব দাশ, নাজিম উদ্দিন, সেলিম ওরফে গরু সেলিম, সমির উদ্দিন ও আবু সুফিয়ানের নামও উল্লেখ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জের (আইসি) যোগদানের পর এলাকায় অপরাধ বেড়েছে এবং তাঁর যোগসাজশে জব্দ করা বালু পাচারের ঘটনা ঘটছে। তবে এ অভিযোগের বিষয়ে আইসির বক্তব্য পাওয়া যায়নি। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বালু লুট ও হুমকির বিষয়টি তিনি জেনেছেন এবং আইসি ও হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকেরা হুমকিদাতা ও বালু লুটে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার