
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে এমন কিছু কাজ করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে অন্য কেউ করতে পারেনি। শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “১১ মাসে নিশ্চিত করেছি শিক্ষার্থীদের অধিকার কীভাবে আদায় করতে হয়। আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজ করেছি, অন্য কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ১০৫ বছরেও তা করতে পারেনি।” তিনি দাবি করেন, বর্তমান ডাকসু নেতৃত্বের সময়ে ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যের কোঠায় নেমে এসেছে।
তিনি আরও দাবি করেন, একাধিক জরিপে ৯৩ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্তমানে সবচেয়ে নিরাপদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।