
রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিতে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি মার্কেটের দুই তলাসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে নিউমার্কেটের সংস্কার, অভ্যন্তরীণ সড়ক ও ড্রেনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী নিউমার্কেট নগরীর একটি পুরোনো প্রতিষ্ঠান। এর স্বকীয়তা ও ঐতিহ্য বজায় রেখে উন্নয়ন ও সংস্কার করতে চান তাঁরা। ব্যবসায়ীরা যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে তাঁদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এ জন্য ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মো. টিপু উপস্থিত ছিলেন। এ ছাড়া রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন ও সাব্বির হোসেন, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা এবং ১৩ নম্বর ওয়ার্ড সচিব সারোয়ার হোসেন শাওন উপস্থিত ছিলেন। স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।