November 19, 2026, 4:45 pm

ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ

এম এ রহিম চৌধুরি রায়হান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ৫০ হাজার ঘনফুট মাটি কেটে টিলা সমতল করার প্রমাণ পাওয়ার পরও দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেয়নি পরিবেশ অধিদপ্তর। গত ৫ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে অধিদপ্তরের পরিদর্শক মঈনুদ্দিন ফয়সাল টিলা কাটার সত্যতা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, ফিতা দিয়ে মেপে দেখা গেছে, টিলার উপরিভাগ থেকে প্রায় দুই ফুট গভীর করে আনুমানিক ৫০ হাজার ঘনফুট মাটি কাটা হয়েছে। প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে ১৭ দিন পেরিয়ে গেলেও মামলা বা অন্য কোনো পদক্ষেপের অগ্রগতি দেখা যায়নি। এ বিষয়ে পরিদর্শককে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মুজাহিদুর রহমান বলেন, আইনি ব্যবস্থা কার্যকরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্র জানায়, পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকায় খালেদা কালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় পাঁচ একরের সরকারি রাবার বাগানসংলগ্ন টিলা কেটে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। এতে স্থানীয় মোহাম্মদ শওকত ও তাঁর ছেলে ইরতিসাম কালাম ইরসালের নাম উঠে আসে। ইরসাল আগে বলেছিলেন, তাঁরা টিলা কাটেননি, শুধু সমান করেছেন; খামার করার উদ্যোগ নিয়েছিলেন এবং অনুমতির বিষয়টি তাঁর জানা ছিল না। এর আগে উপজেলা প্রশাসন ৫০ হাজার টাকা জরিমানা করলেও মাটি কাটা অব্যাহত থাকার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও অর্থের কাছে প্রশাসন অসহায় হয়ে পড়েছে এবং মামলা এড়াতে অভিযুক্তরা তদবির চালাচ্ছেন।
পরিবেশ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ধারায় পাহাড় ও টিলা কাটায় নিষেধাজ্ঞা রয়েছে। প্রথম অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান আছে; পুনরায় অপরাধ করলে দুই থেকে ১০ বছর কারাদণ্ড বা দুই থেকে ১০ লাখ টাকা জরিমানা হতে পারে। বেলার চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুনিরা পারভীন রুবা বলেন, কার্যকর আইন প্রয়োগ না হওয়ায় নির্বিচারে টিলা কাটা হচ্ছে। এলাকাবাসী দ্রুত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও টিলা কাটা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার