November 19, 2026, 4:39 pm

চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি

মোঃ ফজলুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

 

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দামোদরপুর গ্রামের সার্বজনীন শ্মশানের সেবক ঘরের টিন ও আসবাবপত্র চুরির অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার শামীম আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শামীম মেম্বার অভিযোগ অস্বীকার করে ফেসবুকে একে প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তবে অভিযোগকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দুপুরে গোছাপাড়া গ্রামের মৃত সুলেমান মিয়ার ছেলে রাসেলকে সঙ্গে নিয়ে শামীম মেম্বার শ্মশানের সেবক ঘরের টিন ও আসবাবপত্র খুলে নিয়ে যান। পরে রাসেলের মাধ্যমে টিনগুলো গোছাপাড়া গ্রামের আক্তার মিয়া ও আমুরোড বাজারের ভাঙারি ব্যবসায়ী ফারুক মিয়ার কাছে মোট ১ হাজার ৫২০ টাকায় বিক্রি করা হয়। আক্তার ও ফারুক জানিয়েছেন, তাঁরা রাসেলের কাছ থেকেই টিনগুলো কিনেছেন। রাসেল মুঠোফোনে ওয়ার্ড মেম্বার মাসুক ভূঁইয়া ও সাংবাদিকদের কাছে টিন বিক্রির কথা স্বীকার করেন। তাঁর দাবি, শামীম মেম্বার প্রশাসনের নাম ব্যবহার করে তাঁকে শ্রমিক হিসেবে নিয়ে টিনগুলো খুলে নেন। বিক্রির টাকা থেকে শামীমকে ৬০০ টাকা নগদ ও ৫ টাকা বিকাশে দেন এবং ৪০০ টাকা মজুরি হিসেবে রাখেন বলে জানান রাসেল।

পুলিশ তদন্ত করে চুরি হওয়া টিন উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে রাসেলকে সরাসরি পাওয়া যায়নি। এদিকে, অটোভাড়া না পাওয়ায় চালক আক্তার মিয়া শামীম মেম্বারকে ফোন করার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। অভিযোগকারীদের দাবি, ঘটনার পর শামীম মেম্বার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন সময়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার