
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসর নামাজের পর কালিয়া পাইলট স্কুল মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তাঁদের বহর বটতলা মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হন কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শেখ শাহিনুর (৪০) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)। পরে তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে দুজনের মৃত্যু হয়।
নিহত শাহিনুর কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিন শেখের ছেলে এবং সোহেল ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্লার ছেলে। ময়নাতদন্ত শেষে তাঁদের মরদেহ বাড়িতে আনা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।