আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সারা দেশে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতায় এই ন্যক্কারজনক সহিংস কর্মকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে এনসিপি মনে করে। বিরোধী রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃবৃন্দ সন্ত্রাসবাদী আওয়ামী লীগের ধারাবাহিক প্রতিহিংসার শিকার হচ্ছে। এমনকি সরকারি দলের সংসদ সদস্যরাও আক্রমণের শিকার হচ্ছেন।
এনসিপি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। একই সঙ্গে পতিত ও পলাতক গোষ্ঠী আওয়ামী লীগ কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় দলটি।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে (আনুমানিক ভোর ৪টার দিকে) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়।