
বিএনপি ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে তিনি বাংলাদেশের দুই বছরের সংস্কার রাজনীতির ‘পার্লামেন্টারিকরণ’-এর সমাপ্তি হিসেবে দেখেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় পেছনে পড়ে রইল সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও দেশের কাঠামোগত সংস্কার।
শুক্রবার (২১ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন উমামা ফাতেমা। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বলেন, তার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দুই বছরের সংস্কার রাজনীতির পার্লামেন্টারিকরণ সমাপ্ত হয়েছে। তার মতে, ৫ আগস্টের পর ‘সংস্কার না নির্বাচন?’—এই রাজনীতির গতিমুখ পূর্বনির্ধারিত ছিল। জামায়াত ও এনসিপি শুরু থেকেই একই সুরে কথা বলেছে বলেও মন্তব্য করেন তিনি।
উমামা ফাতেমা আরও বলেন, সংস্কারের রাজনীতি করতে গিয়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, এমন রাজনৈতিক শক্তির হাতে সংস্কারের ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়েছে, যারা সংস্কারকে কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং অন্তর্বর্তী সরকার, জামায়াত ও এনসিপির রাজনৈতিক সমীকরণের বিপরীতে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। একই পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উমামা ফাতেমা।