নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ইসমাইল হোসেন
Update Time :
Friday, August 21, 2026
/
18 Time View
/
Share
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফখরুলের একটি ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
শফিকুর রহমান তার পোস্টে বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবনির্বাচিত রাষ্ট্রপতি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে তিনি আশাবাদী। রাষ্ট্রপতির দায়িত্ব পালনে তার সফলতা কামনা করেন জামায়াত আমির।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করার পর সংসদ কক্ষেই বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তাকে বুকে টেনে নেন।