
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে কোনো মাজার ধ্বংসের চেষ্টা করা হলে তারা ঘরে বসে থাকবেন না। বুধবার (২৬ আগস্ট) সকালে দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মাজার ও পীর-তরিকাকে ঘিরে কোনো ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলা মেনে না নেওয়ার কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে পীর-তরিকাও আছে, মাজারও আছে; কোনো পক্ষ ইচ্ছামতো এসব স্থান ভাঙতে পারবে না। তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই অনুষ্ঠানে তিনি কৃষকদের জন্য সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, যেখানে সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। কৃষক যেন বেশি দামে সার কিনতে বাধ্য না হন, সেটিও নিশ্চিত করা হবে। পাশাপাশি সোলার প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান তিনি।
আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফিকুল ইসলাম। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের নেতাকর্মী ও অনুসারীরা অংশ নেন।