
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঝুট ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন যাতে আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য একযোগে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।