
দেশজুড়ে রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু প্রকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারণ যথেষ্ট নয়। এর পাশাপাশি জেলা ও অঞ্চলভিত্তিক দক্ষ উদ্যোক্তা, নির্ভরযোগ্য সেবাদাতা প্রতিষ্ঠান এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসার ও বিনিয়োগ নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।
আলোচনায় সারাদেশে যোগ্য Renewable Energy Service Provider বা নবায়নযোগ্য জ্বালানি সেবাদাতা প্রতিষ্ঠান তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে সেবাদাতা প্রতিষ্ঠান গড়ে উঠলে প্রত্যন্ত অঞ্চলেও সৌরবিদ্যুৎ স্থাপন, রক্ষণাবেক্ষণ ও বিক্রয়োত্তর সেবা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়বে। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের অংশীদারিত্ব গড়ে তুললে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব বলেও মত দেন তারা। তবে সেবাদাতা নির্বাচনে স্বচ্ছ যোগ্যতার মানদণ্ড, প্রশিক্ষিত জনবল এবং জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ খাতের বিকাশে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও স্বল্পসুদে অর্থায়ন, প্রয়োজনীয় কর ও শুল্ক সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি। একই সঙ্গে সৌরবিদ্যুৎ স্থাপনে মান বজায় রাখা ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় কার্যকর তদারকি প্রয়োজন। তাদের মতে, রুফটপ সোলারকে শুধু বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা হিসেবে না দেখে বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি, দক্ষ জনবল ও কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা উচিত। স্থানীয় সেবা নেটওয়ার্ক শক্তিশালী হলে গ্রাহকের আস্থা বাড়বে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।