
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক নারী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই নারী স্বামী ও দুই সন্তানকে নিয়ে চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে বাসে উঠেছিলেন। পথে প্রসবব্যথা শুরু হলে তাঁর স্বামী চালককে বিষয়টি জানান। বাসটি বিজরা বাজারের কাছে পৌঁছালে চালককে থামানোর অনুরোধ করেন তিনি।
পরিস্থিতি বুঝতে পেরে বাসের কয়েকজন যাত্রী সহযোগিতায় এগিয়ে আসেন। বিজরা বাজারে বাস থামিয়ে পাশের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে হাসপাতালের নার্সরা বাসে এসে দেখেন, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের প্রয়োজনীয় সহযোগিতায় বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়।
প্রসবের কারণে বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের অনুরোধে চালক ও স্টাফরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। এ ঘটনায় যাত্রীদের মানবিক সহযোগিতা ও পরিবহনসংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেছেন অনেকে। পরিবহনের মালিকপক্ষের মামুনুর রশিদ বলেন, বিষয়টি শুনে তাঁরা আনন্দিত।