September 1, 2026, 5:26 am
শিরোনাম :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গণতন্ত্র ও সুশাসন জোরদারের অঙ্গীকার

মোঃ ইসমাইল হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত দলটি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতারা জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা দলটির সামনে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসমর্থন ধরে রাখাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকেই দলটি বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় উন্নয়নের বিভিন্ন কর্মসূচিকে গুরুত্ব দিয়ে এসেছে। জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি পরবর্তীতে সম্প্রসারিত হয়ে ৩১ দফায় রূপ নেয়। তার মৃত্যুর পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখে। বর্তমানে দলের নেতৃত্ব নতুন প্রজন্মের হাতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক আদর্শের কারণেই দলটি দীর্ঘ সময় ধরে টিকে আছে। তাঁর দাবি, গণতন্ত্রের জন্য বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বিএনপির সামনে এখন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বড় দায়িত্ব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানের মতে, নির্বাচনী সাফল্য ধরে রাখতে জনগণের প্রত্যাশা পূরণে দলটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলটির নেতারা বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও সুশাসনকে আরও শক্তিশালী করে দেশের মানুষের কল্যাণে কাজ করাই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।



ফেসবুক কর্নার