
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আলী ইটভাটার পাশের ধানক্ষেত থেকে জ্যোতিষ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের সাতঘরিয়া এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জ্যোতিষ চন্দ্র পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্র ওরফে বঙ্গের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইটভাটার পাশের ধানক্ষেতের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও তাঁর প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট যৌথভাবে কাজ শুরু করেছে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।