
ভারতের ককরোচ জনতা পার্টির পতাকা উত্তোলন কর্মসূচি ঠেকাতে রাজধানী নয়াদিল্লিতে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলটি। তবে সেখানে কেউ যাতে জড়ো হতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত ১২ অক্টোবর ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস দিল্লির যন্তরমন্তরে পতাকা নিয়ে গেলে তাঁদের গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নেওয়া হয়। ওই গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘প্রশাসনিক’ কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে দিল্লি পুলিশ। এ সময়ে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে, অভিজিৎ দীপকের দিল্লির বাসায় গিয়ে পুলিশ তাঁকে জানায়, রাজধানীতে তিনি কোনো জনসমাগম করতে পারবেন না। জবাবে অভিজিৎ জানতে চান, পতাকা উত্তোলন অপরাধ কি না। পুলিশ কর্মকর্তা জানান, পতাকা উত্তোলন অবৈধ নয়, তবে এ জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আন্দোলন অবৈধ বলে জানান তিনি। এর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেন তরুণেরা। তবে ট্রেন, মেট্রোরেলসহ অন্যান্য যানবাহন বন্ধ এবং অঘোষিত লকডাউন জারির মাধ্যমে তাঁদের সেখানে যেতে বাধা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।