October 16, 2026, 3:56 pm
শিরোনাম :

দুর্গাপূজার সাজে নতুন ভিডিওতে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

অভয়নগর প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীতে ঐতিহ্যবাহী বাঙালি সাজে নতুন ভিডিও প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত ভিডিওতে তাঁর পরনে ছিল অফহোয়াইট শাড়ি, পাড়জুড়ে গোলাপি নকশা। ভারী কানের দুল, হাতে অলংকার আর চুলে বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসতে, কখনো শাড়ির আঁচল সামলাতে, আবার কখনো চুলের ফুল ঠিক করতে দেখা যায় জয়াকে। পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’র সুরে ধারণ করা ভিডিওটির দৃশ্যগুলোতে অভিনেত্রীর সাবলীল উপস্থিতি ফুটে উঠেছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি ভারতের কলকাতায় ধারণ করা হয়েছে।

ভিডিওটি প্রকাশের সঙ্গে ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে জয়া লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’ অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও পোশাকের বৈচিত্র্যের জন্যও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে থাকেন এই অভিনেত্রী। আধুনিক কিংবা ঐতিহ্যবাহী—বিভিন্ন সাজে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেন তিনি। নতুন ভিডিওটিও ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।



ফেসবুক কর্নার