
বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সম্পর্ক নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগরওয়াল। চলতি বছরের মার্চে বাগদান সম্পন্ন করেন তাঁরা। তবে সেপ্টেম্বরে সম্পর্ক থেকে সরে আসার কথা জানান আকৃতি। এবার ভুল বোঝাবুঝি কাটিয়ে একসঙ্গে পথ চলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে দেওয়া বিবৃতিতে আকৃতি জানান, কাছের কয়েকজনের মতামত তাঁদের সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। তাঁদের সঙ্গে সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনা না করেই তাড়াহুড়ো করে বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আকৃতির মতে, ওই ব্যক্তিরা তাঁদের সম্পর্ক সম্পর্কে নিজেদের দুজনের চেয়েও বেশি জানেন বলে মনে করতেন।
আকৃতি জানান, এবার নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আগের ভুল বোঝাবুঝি কাটিয়ে পারস্পরিক বোঝাপড়া তৈরির পর নতুনভাবে পথ চলতে চান দুজন। আকৃতির প্রকাশিত বিবৃতিটি পৃথ্বী শও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এতে সম্পর্ক নতুন করে শুরু করার সিদ্ধান্তে দুজনের সম্মতির ইঙ্গিত পাওয়া গেছে।