
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগে খালিদ হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ঘটনাস্থলে থাকা ধানমন্ডি থানার এএসআই আবদুল হাইকে প্রত্যাহার করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গত সোমবার ধানমন্ডি সাতমসজিদ রোডে বাংলাদেশ আই হসপিটালের বিপরীতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে খালিদকে আটক করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, আটক খালিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিজাইনার। আবদুল্লাহ মানসিক রোগে আক্রান্ত বলেও জানান ওসি।
এর আগে, এক তরুণীকে (২৩) শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে আবদুল্লাহকে মারধর করা হয়। ঘটনার ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওতে কয়েক হাত দূরে দুই পুলিশ সদস্যকে উপস্থিত থাকতে দেখা যায়। ওসি জানান, এএসআই আবদুল হাইকে প্রত্যাহার করা হয়েছে; তবে ঘটনাস্থলে থাকা পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের অন্য দুই সদস্যের বিষয়ে তিনি কিছু জানেন না।