
দেশে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি; বরং দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। সম্মেলনটি গাজীপুরের উচিং শহীদ আব্দুল মালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে একটি দল নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে বলে প্রচার করেছিল, অথচ এখন সমস্যা আরও বেড়েছে। ২০২৪ সালে জামায়াত ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। কিন্তু তাঁর দাবি, বর্তমান সময়ে বৈষম্য বেড়েছে এবং শিক্ষাঙ্গনে দলীয়করণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম চলছে। মুসলিম বিশ্বের পরিস্থিতি তুলে ধরে তিনি ঐক্যের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন।
রুকনদের উদ্দেশে জামায়াত আমির ইসলামী আদর্শ অনুসরণ, আত্মসংযম এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, উত্তম আচরণ ও আমলের মাধ্যমে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে এবং সুদ থেকে বিরত থাকতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।