
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।